রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।বাসটিতে শুধু চালক ও সহকারী ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।