ট্রাম্পের ওপর হামলায় অভিযুক্ত অ্যালেন ডেমোক্র্যাট সমর্থক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশ ভোজের অনুষ্ঠানে গুলির ঘটনার অভিযুক্ত কোল টমাস অ্যালেন রাজনৈতিক আদর্শের দিক থেকে ডেমোক্র্যাট সমর্থক। গত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী কমলা হ্যারিসের প্রচারাভিযানে আর্থিক অনুদানও দিয়েছেন। 

৩১ বছর বয়সী অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। হামলার জন্য তিনি আগে থেকেই হিলটন হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অতিথি হিসেবে অবস্থান করছিলেন।

অ্যালেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সময় তিনি কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের কথা উল্লেখ করেননি। তবে পরবর্তী সময়ে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন এবং আর্থিক অনুদান দেন।

ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে তিনি অ্যাক্টব্লু নামের একটি প্ল্যাটফরমে ২৫ ডলার অনুদান দেন।এই প্ল্যাটফরমটি ডেমোক্র্যাটদের তহবিল সংগ্রহের জন্য গঠিত একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি। তাদের সংগ্রহ করা অর্থ গত নির্বাচনের সময় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারের জন্য বরাদ্দ করা হয়।

অ্যালেন ২০১৭ সালে দ্য ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে প্রকাশ করা ক্যালটেক গ্র্যাজুয়েটদের একটি ছবিতে তাকে গাউন ও লাল টাই পরা অবস্থায় দেখা যায়।গত বছর ক্যাল স্টেট ডোমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রিও অর্জন করেন।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাদের ফরেনসিক দল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছেন। এফবিআই ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। সিক্রেট সার্ভিস এবং এফবিআইয়ের যৌথ তদন্তে এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের পুলিশ জানায়, অ্যালেনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে। শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে ট্রাম্পের অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে পড়ার পরপরই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে। এই হামলার জন্য তিনি আগে থেকেই হিলটন হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অতিথি হিসেবে অবস্থান করছিলেন।  

ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, অ্যালেনকে মেঝেতে উপুড় করে ফেলে রাখা হয়েছে এবং কর্মকর্তারা তাকে হাতকড়া পরাচ্ছেন।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে এক সংবাদ সম্মেলনে তাকে ‘অসুস্থ’ হিসেবে বর্ণনা করেন।  

ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানান, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অভিযোগ আনা হতে পারে বলেও জানান তিনি।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল বলেন, সন্দেহভাজনকে মাটিতে ফেলে হাতকড়া পরানো হয়। এ সময় একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক কর্মকর্তা আহত হন। তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে গেছেন। 

ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারীর কাছে একটি ‘বড় ধরনের অস্ত্র’ ছিল এবং তিনি প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়েন। তিনি বলেন, ‘আমি হামলাকারীর কয়েক ফুট দূরে ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পাই। পরে পুলিশ এসে আমাকে রক্ষা করার চেষ্টা করে।’

গুলির ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে নেয়। এ সময় তিনি মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সরিয়ে নেওয়ার সময় তিনি হোঁচট খেলেও দ্রুত তাকে নিরাপদে নেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *