নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন। এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এফবিআই সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শটগানধারী এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে।গুলিটি এজেন্টের শরীরে থাকা প্রোটেক্টিভ গিয়ারে (সুরক্ষামূলক পোশাক) লাগায় তিনি বড় ধরনের আঘাত থেকে বেঁচে যান।

গুলি বাজার শব্দ শোনার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নৈশভোজে উপস্থিত প্রায় ২ হাজার ৬০০ অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিসের সশস্ত্র কমান্ডোরা দ্রুত ডাইনিং রুমে ঢুকে পড়েন।প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি প্রথমে ডায়াসের নিচে মাথা নিচু করে অবস্থান নেন এবং মুহূর্তের মধ্যেই এজেন্টরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে এক অদ্ভুত সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চমৎকার কাজ করেছে।’

পরবর্তী এক পোস্টে তিনি আরো নিশ্চিত করেন যে, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিপরিষদের সব সদস্য সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। এই বিষয়ে হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলন করার কথাও জানান তিনি।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, অনুষ্ঠানের মূল প্রবেশপথের স্ক্রিনিং এরিয়ার কাছে এই গুলির ঘটনা ঘটেছে। পুরো এলাকাটি বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে এবং হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে অধিকতর তদন্ত শুরু করেছে এফবিআই ও সিক্রেট সার্ভিস।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *