চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন দেরিতে আসায় এক ট্রেনচালককে মারধর করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। এ ঘটনার প্রতিবাদে এক ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ রেখে কর্মবিরতিতে যান ট্রেনচালকেরা।
ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে। রেলওয়ে সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় বেলা ২টা ১০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও সেটি আসে বেলা ৩টা ২৫ মিনিটে। ট্রেনটিতে ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেসের যাত্রী ছিলেন বেশ কয়েকজন। কিন্তু প্রবাল এক্সপ্রেস দেরিতে আসায় তারা গোধূলি ট্রেনটি ধরতে ব্যর্থ হন।
এর জের ধরেই ক্ষুব্ধ কয়েকজন যাত্রী প্রবাল এক্সপ্রেসের লোকোমাস্টার খোরশেদ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
চট্টগ্রাম স্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার জানান, দেরিতে আসা ট্রেনের জন্য নির্ধারিত সময়ের ট্রেন থামানো সম্ভব নয়। আর ট্রেন দেরির জন্য চালক একাই দায়ী নন। যাত্রীদের এমন আচরণ অপ্রত্যাশিত।
ঘটনার পর প্রতিবাদস্বরূপ ট্রেনচালকেরা এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখেন। এর ফলে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে স্টেশন ছাড়ে।
রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে ট্রেনচালকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।