রোনালদো-এমবাপ্পেরা কেন পরছেন গোলাপি বুট? বিশ্বকাপে নতুন ট্রেন্ডের রহস্য কী

২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের নজর কাড়ছে আরেকটি বিষয়—অনেক তারকা ফুটবলারের পায়ে দেখা যাচ্ছে উজ্জ্বল গোলাপি বুট। পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেসহ বিভিন্ন দলের খেলোয়াড়দের এই রঙের বুট পরতে দেখা যাচ্ছে, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল ফ্যাশনের বিষয় নয়; এর পেছনে রয়েছে সুপরিকল্পিত বিপণন ও দৃশ্যমানতা বাড়ানোর কৌশল। বিশ্বের শীর্ষ ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানগুলো চলতি মৌসুমে উজ্জ্বল রঙের বুট বাজারে এনেছে, যার মধ্যে গোলাপি রঙ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে।

ফুটবল বুট তৈরির কাজ সাধারণত বাজারে আসার প্রায় দুই বছর আগে শুরু হয়। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ট্রেন্ড বিশ্লেষক সংস্থার সঙ্গে কাজ করে ভবিষ্যতে জনপ্রিয় হতে পারে এমন রঙ ও ডিজাইন নির্বাচন করে।ট্রেন্ড পূর্বাভাসকারী প্রতিষ্ঠান ডব্লিউজিএসএন (WGSN) ২০২৪ সালেই ২০২৬ সালের অন্যতম ট্রেন্ডি রঙ হিসেবে ‘ইলেকট্রিক ফুশিয়া’ বা উজ্জ্বল গোলাপি রঙের পূর্বাভাস দিয়েছিল।

নাইকির গ্লোবাল ফুটবল ফুটওয়্যার বিভাগের কর্মকর্তা ওডিঙ্গা নিমাকোর মতে, সবুজ ঘাসের মাঠে গোলাপি রঙ সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। ফলে দর্শক, টেলিভিশন ক্যামেরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে খেলোয়াড়দের উপস্থিতি আরো স্পষ্টভাবে ধরা পড়ে।

আরো একটি কারণ হলো, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের কোনো দলেরই প্রধান জার্সির রঙ গোলাপি নয়।ফলে খেলোয়াড়দের বুট সহজেই আলাদা করে চোখে পড়ে এবং মাঠে তাদের উপস্থিতি আরো আকর্ষণীয় হয়ে ওঠে।

বিপণন বিশেষজ্ঞদের মতে, তারকা ফুটবলারদের ব্যবহৃত সরঞ্জাম ভক্তদের ওপর বড় ধরনের প্রভাব ফেলে। রোনালদো, এমবাপ্পে কিংবা অন্য তারকাদের পায়ে গোলাপি বুট দেখে অনেক সমর্থকও একই ধরনের বুট কিনতে আগ্রহী হন। এ কারণেই বিশ্বকাপের মতো বড় মঞ্চকে কাজে লাগিয়ে ব্র্যান্ডগুলো নিজেদের নতুন পণ্যের প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *