যুদ্ধে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান : বাঘের গালিবাফ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে এগোচ্ছে, তবে এখনো নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এর মধ্যেই ইরান জানিয়েছে, তারা ‘যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল’ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, গত দুই সপ্তাহ ধরে দেশটি ‘নতুন কার্ড দেখানোর প্রস্তুতি’ নিচ্ছে এবং ‘হুমকির মুখে কোনো ধরনের আলোচনা মেনে নেওয়া হবে না।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কোনো চাপের মুখে আলোচনা করছেন না।একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, সেটি বাড়ানো ‘অসম্ভব।’

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তর সফরে যাচ্ছেন, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও চলমান উত্তেজনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। রবিবার একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ জব্দ করার পর থেকে যুক্তরাষ্ট্র সেখানে অবরোধ জোরদার করেছে।

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *