মক্কার গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে লাফিয়ে পড়লেন এক ব্যক্তি

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম থেকে লাফিয়ে পড়েন এক ব্যক্তি। তবে গ্র্যান্ড মসজিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ফোর্স এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় নিচে থাকা নিরাপত্তারক্ষী দ্রুত হস্তক্ষেপ করায় ওই ব্যক্তি প্রাণে বেঁচে যান। তবে তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী।তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে তার পরিচয় বা অবস্থা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই ব্যক্তি গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে নিচে লাফ দেন। মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম হলো ইসলাম ধর্মের পবিত্রতম স্থান। সৌদি আরবের মক্কা শহরে এই মসজিদের কেন্দ্রস্থলেই পবিত্র কাবা শরীফ অবস্থিত।

এক্সের একটি পোস্টে সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি ঘটনা সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছে।যেখানে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মসজিদ কমপ্লেক্সের ওপরের তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি। নিরাপত্তাকর্মীরা তাকে রক্ষার জন্য নিচে দাঁড়িয়ে আছেন। লাফ দেওয়ার পর তাকে ধরতে গিয়ে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন। মক্কা অঞ্চল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ঘটনার পরপরই মামলার কার্যক্রম শুরু করা হয়েছে।

গ্র্যান্ড মসজিদটি সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণের অধীনে থাকে। বিশেষায়িত ইউনিটগুলোকে জরুরি অবস্থার প্রতিক্রিয়া জানাতে এবং ইসলামের অন্যতম পবিত্র স্থানের জননিরাপত্তা পরিচালনা করার জন্য প্রশিক্ষিত করা হয়েছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *