প্রতিশোধ নিলে ইরানে আরও বড় হামলা: ট্রাম্প

ইরান হামলার প্রতিশোধ নিলে তেহরানে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ হুমকি দেন।  খবর আল-জাজিরার। 

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরানের যেকোনো প্রতিশোধের কঠোর জবাব দেওয়া হবে।’

ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আজ (শনিবার) রাতে যা দেখা গেছে, তার চেয়েও বেশি শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো প্রতিশোধের জবাব দেওয়া হবে।’

শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে।’

তিনি বলেন, ‘মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন ও এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাবো। ’

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *