বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাবেন। এ জন্য শাহবাগ মোড় থেকে সরে দাঁড়িয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে।ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে গতকাল জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থী ও জনতা।পরে তারা রাতভর সেখানেই অবস্থান করেন।