বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী মুনাফিকের দল। এই মুনাফিকদের কোনো দিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যত দিন আমি বেঁচে আছি, এদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা সব সময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে।তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনো দিন জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে।তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চায় মারামারি। তারা করে মুনাফিকি, বলে মিথ্যা কথা। তারা সুযোগসন্ধানী। আমাকে যদি বাদ দিতে পারে, তাহলে নিজেরাই হয়ে যাবে।এটি হলো শয়তানের সুযোগসন্ধানী চিন্তা। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদের আর সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষে একটি ভোট চাওয়ার জন্য। আগেই বলেছি, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং তারেক রহমান যদি সরকারপ্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন।তাহলে আমি একটা সুযোগ পাব। সেই সুযোগের আমি সদ্ব্যবহার করব।
এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।