জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে উপজেলার চরগাঁও গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মজিবুর রহমান (৬০)। আটক হয়েছেন তাঁর বড় ভাই লুৎফুর রহমান (৬৫)। তাঁরা একই উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, লুৎফুর ও মজিবুরের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। গতকাল রাতে বাড়ির পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে যান মজিবুর। এর ফাঁকে মসজিদে ঢুকে পড়েন লুৎফুর। ওই সময় নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুরকে দা দিয়ে কোপাতে শুরু করেন লুৎফুর। একপর্যায়ে মসজিদেই লুটিয়ে পড়েন মজিবুর। পরে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন মজিবুরকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় গতকাল রাতেই তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আজ সকাল পর্যন্ত মামলা হয়নি জানিয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ লুৎফুরকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মজিবুরের লাশ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *