চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জুবাইরুল হাসান আরিফকে সমর্থন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় নগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতের প্রার্থীর আসন পরিচালক ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন।
তিনি বলেন, ডা. আবু নাসের অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি। ঢাকায় অবস্থান করায় গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারও করতে পারেননি।
এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর নজরুল ইলাম ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, বোয়ালখালী উপজেলা আমির খোরশেদুল আলম, বায়েজিদ থানা আমীর মাওলানা জাকির হোসেন প্রমুখ।