কিশোরগঞ্জে ভৈরবে কলেজছাত্র হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার (২০ মে) দুপুরে আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এই রায় প্রদান করেন। প্রদত্ত সাজা ফাঁসির মাধ্যমে কার্যকর করার নির্দেশ দেন বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মো. সুমন মিয়া, জেলার দৌলতদিয়া গ্রামের সেলিনা বেগম ও একই জেলার সোনারামপুর গ্রামের শোভা প্রকাশ।
প্রদত্ত রায়ে আসামিদের সকলকেই মৃত্যৃদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে অর্থ জরিমানা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০০৮ সালের ৬ জানুয়ারি দিবাগত রাতে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে আসামিরা পরস্পর যোগসাজশে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত মোহাম্মদ আলীর পিতা শাসউদ্দিন বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। জনাকীর্ণ আদালতে বিচারক আজ এ রায় প্রদান করেন । রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এপিপি শফিউজ্জামান ভূইয়া ও আসামি পক্ষে ছিলেন এড মিজানুর রহমান।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত তিন আসামির মধ্যে সেলিনা বেগম উপস্থিত ছিলেন। বাকি দুজন পালাতক রয়েছেন।
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি