কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মন্ডলভোগ এলাকা থেকে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চান্দপুর ইউনিয়নের পূর্ব মন্ডলভোগ এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শরীফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও মনির হোসেন নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে মনির হোসেনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি