ইরান অস্ত্র তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে আবার হামলা: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমাবর্ষণ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

২১ জুন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কি না—সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই। এটি প্রশ্নাতীত।’

ইরানে ১৩ জুন হামলা চালায় ইসরায়েল। এর পর থেকে টানা ১২ দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা ‘বাজেভাবে মার খেয়েছেন’ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়।

ট্রাম্পের একক নির্দেশে ইরানের যে তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়, সেগুলো দেশটির ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলে অবস্থিত। ওই হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়। স্থাপনাগুলোয় ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মার্কিন সাবমেরিন থেকে। হামলায় পরমাণু স্থাপনাগুলো ‘ধ্বংস’ হয়ে গেছে বলে জানিয়েছিলেন ট্রাম্প।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বহু আগে থেকেই মাথাব্যথা রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের। তাদের অভিযোগ, পরমাণু প্রকল্পগুলোর শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে আড়ালে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে তেহরান। এই অভিযোগ তুলে ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তবে এই অভিযোগ বরাবরই নাকচ করেছেন ইরানের নেতারা।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *