বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নতুন করে আলোচনায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাস। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তার সেই স্ট্যাটাসই শেষ পর্যন্ত পুরো পরিস্থিতিকে জটিল করে তোলে এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ করে দেয়।
ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায়। ওই দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা এক অনলাইন সভায় সিদ্ধান্ত নেন, বিষয়টি নিয়ে পরদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।কিন্তু সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ৩ জানুয়ারি রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আসিফ নজরুল রাতারাতি পরিস্থিতি জটিল করে ফেলেন। সেদিনই তিনি নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত হবে না বলে নিজে থেকে রায় দিয়ে দেন।
তাতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ রুদ্ধ হয়ে গেলেও নিজের সিদ্ধান্তেই অটল থাকা আসিফ নজরুল গত ২২ জানুয়ারি এক পাঁচতারা হোটেলে বিশ্বকাপ দলের ক্রিকেটারদের ডেকে ভারতে না যাওয়ার নানা যুক্তি তুলে অথচ এর ৯ দিন আগেই অর্থাৎ ১৩ জানুয়ারি তিনি ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বিসিবিকে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে স্পষ্ট করে বলা হয়, ভারত ছাড়া অন্য কোথাও খেলতে গেলেই কেবল সরকারি সহায়তা মিলবে।ফলে বিসিবি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাবে অনড় থাকে।
এই অবস্থায় আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন আদায়ে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত আইসিসি ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। ফলে ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ দল।