সাতকানিয়ায় আকিবের পরিবার চরম নিরাপত্তাহীনতায়

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াজর পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল আকিব (২৬) দীর্ঘদিন ধরে পরিবারের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। আকিব চট্টগ্রাম শহরে থাকেন ও ইউআই ডিজাইনার হিসেবে কাজ করেন, আর তার বাবা জীবিকার তাগিদে টেকনাফে অবস্থান করেন। গ্রামে মা, দুই বোন ও ১০ বছরের ছোট ভাই নিয়ে তার পরিবার একা বসবাস করে।

অভিযোগ অনুযায়ী, আকিবের চাচা বদিউল আলম গত ২৭ বছর ধরে তার পিতার প্রাপ্য পৈতৃক সম্পত্তির একটি বড় অংশ দখলে রেখেছেন। সময়ে সময়ে সম্পত্তি বণ্টনের প্রসঙ্গ উঠলে বদিউল আলমের পরিবার তাদের নানাভাবে মানসিক চাপ, সামাজিক লাঞ্ছনা ও হুমকি দিয়ে আসছে।

সম্প্রতি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। বদিউল আলমের ছেলেরা আকিবের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়া বোনদের নামে অশালীন মন্তব্য ও মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবাদ করায় ছোট ছেলে আইয়াদ প্রাণনাশের হুমকি দেয়। এমনকি আকিবের সদ্য বিবাহিত বোনের স্বামীকেও হয়রানি করা হচ্ছে।

এছাড়া বদিউল আলমের বড় ছেলে রিয়াদ হোসেন একটি সামাজিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আকিবকে প্রকাশ্যে হুমকি দিয়ে লিখেছে: “কে কী কী করতেছে সব দেখতেছি, ধৈর্যের বাঁধ সবার একদিন ছিঁড়ে যায়। সে দিন কী হবে তার জন্য প্রস্তুত হও। না হয় সময় থাকতে সমাধান কর। ভালো হয়ে যাও, সময় এখনো আছে। মাইর কিন্তু একটাও মাটিতে পরতে দিব না…”

সবকিছুর অডিও ও ছবি প্রমাণ আকিবের কাছে সংরক্ষিত আছে। তার পরিবারের সদস্যরা মারাত্মক মানসিক চাপে আছেন এবং যেকোনো সময় শারীরিক ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা করছেন।

আকিব জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে জরুরি ভিত্তিতে পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী সদস্যদের প্রতি অশ্লীল মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সব ধরনের হুমকি বন্ধের দাবি জানিয়েছেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *