রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদে গতকাল শুক্রবার একটি পর্যটক বাস বরফ ভেঙে পানিতে ডুবে সাতজন পর্যটক নিহত হয়েছে। নিহতরা প্রাথমিকভাবে চীনা নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাসটি প্রায় তিন মিটার চওড়া বরফের ফাটলে পড়ে ১৮ মিটার গভীরে ডুবে যায়। উদ্ধারকাজে পানির নিচে ক্যামেরা ব্যবহার করে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইরকুত্স্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ জানান, একজন পর্যটক বাস ডুবে যাওয়ার আগে বের হতে সক্ষম হয়েছেন। নিহতদের জাতীয়তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, চীনের কনস্যুলেট জেনারেলকে অবহিত করা হয়েছে।
বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল শীতকালে বরফে ঢেকে যায়। বরফের নিচে আটকে থাকা ঢেউয়ের ধাক্কার শব্দ এবং স্ফটিকের মতো দৃষ্টিনন্দন স্তম্ভ পর্যটকদের বেশ আকর্ষণ করে।
তবে হ্রদের ওপর চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করা হয়েছে এবং অন্যত্র গাড়ি চালানো নিষিদ্ধ। কোবজেভ বলেন, ওই সড়কটি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়নি এবং এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।