রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় শামীম সরণির ওই ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। যোগাযোগ করলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটি থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।