মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীকে ঠেলে পাঠাল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ভারত থেকে তিন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সকালে বিজিবির সদস্যরা তিনজনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছেন।

বিজিবি জানিয়েছে, আটক তিনজন বাগেরহাট জেলার মমতা বেগম (৬০) এবং তাঁর দুই মেয়ে ময়না বেগম (৩০) ও মাহিনুর (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মমতা বেগম অবৈধভাবে গিয়ে ভারতের হরিয়ানা রাজ্যে ৩০ বছর ধরে বসবাস করছিলেন। জন্মসূত্রে তাঁর দুই মেয়ে ভারতীয় নাগরিক। মেয়েরা সেখানকার বিদ্যালয়ে লেখাপড়া করতেন। গত রোববার হঠাৎ সেখানকার পুলিশ এসে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ আজ সকালে কাঁটাতার পার করে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠায়। দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২–এর ৩ এস পিলার এলাকায় বাংলাদেশের ভূখণ্ড থেকে তাঁদের আটক করা হয়।

মুজিববনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক তিনজনের ঠিকানা যাচাই করার জন্য বাগেরহাটে পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছে। ঠিকানা ও পরিচয় সঠিক হলে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *