‘ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম’

কারাগার থেকে বেরিয়ে ডাক্তারের পরামর্শে বিশ্রামে আছেন নুসরাত ফারিয়া। কাজ থেকেও আপাতত আছেন দূরে। বিশ্রামের এ সময় কাটছে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ছবি শেয়ার করে। আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছেন ফারিয়া। যেখানে বিষণ্নতা ও অনলাইন ট্রায়ালের নির্মমতা তুলে ধরেছেন তিনি।

বিষণ্নতা নিয়ে ফারিয়া লিখেছেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু নয়। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’
ফারিয়া আরও লিখেছেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—যখন প্রত্যেক মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’
অনলাইন ট্রায়াল নিয়ে ফারিয়া লিখেছেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’

নুসরাত ফারিয়া

বেশ কিছু দিন ধরে অভিনয় থেকে দূরে আছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তাঁকে রোজার ঈদে ‘জ্বীন–৩’ সিনেমায় দেখা যায়। এরপর আর তাঁকে কাজে পাওয়া যায়নি। ফারিয়া অভিনীত কলকাতার একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া তাঁর নতুন কাজের কথা শোনা যায়নি।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *