ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজযাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
আজ শনিবার দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় সংঘর্ষ চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ করতে সৌদি আরবে যান। সেখানে তিনি তার একটি লাগেজ হারিয়ে আসেন।গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপুর গ্রামের ওই হজযাত্রী তার হারিয়ে যাওয়া লাগেজের জন্য আড়াইবাড়ি গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়িত্ব হজযাত্রীর নিজের। এ নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কিছু করার নেই। এ নিয়ে ওই দিনই উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।আজ শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌর এলাকা ও আশেপাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কসবা অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।