ব্রাজিলের গোলকিপারদের জার্সি বদলে ফেলার সিদ্ধান্ত ফিফার

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের আগে ব্রাজিলিয়ান গোলকিপারদের জার্সির রং বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

ও গ্লোবো লিখেছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের তিন গোলকিপার আলিসন, এদেরসন ও ওয়েভারতনের লাল জার্সি পরার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি গোলকিপারদের গাঢ় সবুজ জার্সি, শর্টস ও মোজা পরে খেলার নির্দেশ দিয়েছে।আর এই ম্যাচে স্কটল্যান্ডের গোলকিপাররা পরবেন ধূসর রঙের জার্সি।

শেষ মুহূর্তে কেন এই পরিবর্তন আনা হলো, সে বিষয়ে ফিফা কোনো ব্যাখ্যা দেয়নি। তবে ম্যাচের অফিশিয়াল কিট গ্রাফিকসে স্পষ্ট দেখা গেছে, নির্ধারিত লাল জার্সির পরিবর্তে গাঢ় সবুজ জার্সি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বিশ্বকাপে গোলকিপারদের লাল রঙের কোনো জার্সি বানানোই হয়নি।এমনকি ব্রাজিল দলের কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির ওয়েবসাইটেও এই ম্যাচের জন্য গোলকিপারদের গাঢ় সবুজ জার্সি পাওয়া যাচ্ছে। এর একটি নাইকির নিজস্ব সংস্করণ, অন্যটি জর্দান ব্র্যান্ডের।

‘সি’ গ্রুপে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এবার স্কটল্যান্ড হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে ওঠার লক্ষ্য কার্লো আনচেলত্তির দলের। এই ম্যাচ দিয়েই প্রায় তিন বছর পর দেশের হয়ে খেলবেন নেইমার জুনিয়র।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *