বিশ্বকাপ ব্যর্থতায় তদন্তের নির্দেশ দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর জাতীয় দলের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং। দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য তিনি ভুল জনবল নির্বাচন ও নেতৃত্বকে দায়ী করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ব্যর্থতার পর দেশটির সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন প্রেসিডেন্ট। তার মতে, সঠিক যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে দায়িত্ব দেওয়ার ফলেই এমন ব্যর্থতা এসেছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি বলেন, ‘আমি শুধু হতবাক নই, এই ফলাফলে সম্পূর্ণ বিস্মিত। এটি আবারও প্রমাণ করেছে যে জনবল নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।পেশাদার দক্ষতার বদলে ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে বসালে এমন ফলই আসবে।’

প্রেসিডেন্টের সমালোচনার মূল লক্ষ্য ছিলেন জাতীয় দলের প্রধান কোচ হং মিয়ং-বো। বিশ্বকাপ ব্যর্থতার পর ২৮ জুন পদত্যাগ করেন তিনি।

গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারালেও পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে যায়।তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয় এশিয়ার দলটি।

বিশ্বকাপ থেকে অকাল বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার ফুটবলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে ফুটবল প্রশাসন ও জাতীয় দলের কাঠামোয় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *