বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে অ্যাসাইলাম চাইলেন ১০ বাংলাদেশি

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে সাময়িক ভিসায় (ভিজিট ভিসা) কানাডায় যাওয়া ১৭৫ দর্শনার্থী রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম চেয়েছেন। ওই দর্শনার্থীদের মধ্যে আছেন ১০ জন বাংলাদেশিও।

‘ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (আইআরসিসি)-র প্রকাশিত তথ্যের বরাতে দেশটির একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্যে, বাংলাদেশ থেকে মাত্র ৪৫টি ভিজিটর ভিসা ইস্যু করা হয়েছিল। অত্যন্ত সীমিতসংখ্যক এই ভিসাধারীদের মধ্যে ১০ জনই কানাডায় পৌঁছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। অর্থাৎ বাংলাদেশ থেকে যাওয়া মোট ভিসাপ্রাপ্তদের প্রায় ২২ শতাংশ বা প্রতি পাঁচজনে একজন ম্যাচ উপভোগের সুযোগকে স্থায়ীভাবে কানাডায় থেকে যাওয়ার বা অ্যাসাইলাম নেওয়ার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, মোট ১৭৫ জন দর্শনার্থী আশ্রয়ের আবেদন করেছেন। টুর্নামেন্ট শেষে দেশটিতে থেকে যেতে চাওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ঘানা, নাইজেরিয়া, সেনেগাল এবং আরো কয়েকটি দেশের নাগরিকরা রয়েছেন।

২০ জুলাই পর্যন্ত ১৭৫টি আশ্রয়ের আবেদন জমা পড়েছে। আবেদনকারীরা তাদের অস্থায়ী বসবাসের আবেদনে নিজেদের ফিফা বিশ্বকাপ দর্শনার্থী হিসেবে উল্লেখ করেছেন।জুন ও জুলাই মাসে টরন্টো এবং ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের ১৩টি ম্যাচ আয়োজন করেছিল কানাডা এবং এই টুর্নামেন্টের জন্য দর্শনার্থীদের ২৬ হাজারেরও বেশি ভিসা দেওয়া হয়।

আশ্রয়প্রার্থীদের মধ্যে কতজন ফুটবল খেলোয়াড়, কর্মকর্তা বা দলের সহায়তা প্রদানকারী কর্মী ছিলেন অভিবাসন বিভাগ তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।

তথ্য অনুযায়ী, বিশ্বকাপ দর্শনার্থীদের মধ্যে ঘানার নাগরিকদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক আশ্রয়ের আবেদন এসেছে; টুর্নামেন্টে অংশ নেওয়ার পর ২৫ জন ঘানার নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করেছেন।

মিসর ও কলম্বিয়া থেকে ১৫টি করে আশ্রয়ের আবেদন এসেছে এবং সেনেগালের নাগরিকদের কাছ থেকে এসেছে ১০টি আবেদন। ইকুয়েডরের নাগরিকদের পক্ষ থেকে পাঁচটি আবেদন জমা পড়েছে।

প্রতিবেদন বলছে, এমন কিছু দেশ থেকেও আশ্রয়প্রার্থীরা এসেছেন যাদের জাতীয় দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। এর মধ্যে রয়েছে ১৫ জন কেনিয়ান, ১০ জন চীনা নাগরিক, ১০ জন বাংলাদেশি ও ১০ জন নাইজেরিয়ান এবং বুরুন্ডি, নেপাল ও পাকিস্তান থেকে পাঁচজন করে আবেদনকারী।

আইআরসিসি জানিয়েছে, ২০ জুলাই ২০২৬ পর্যন্ত, ফিফা-সম্পর্কিত অস্থায়ী বসবাসের আবেদন অনুমোদিত ২৬ হাজার ১১১ জন ব্যক্তির মধ্যে ১৭৫ জন পরবর্তীতে আশ্রয়ের আবেদন করেছেন।

কর্মকর্তারা জানান, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে ফিফা টিকিটধারীদের কেউ যদি নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি তৈরি করেন, তবে তাদের সীমান্তে আটকে দেওয়া হতে পারে; তবু শেষ পর্যন্ত এই ১৭৫ জনের অ্যাসাইলাম আবেদন আন্তর্জাতিক মিডিয়া ও কানাডার স্থানীয় মহলে বড় ধরনের আলোচনার খোরাক জুগিয়েছে। যারা বিশ্বকাপ দেখতে এসেছিলেন, তাদের অ্যাসাইলাম আবেদনের সময় এখনো শেষ হয়ে যায়নি । এ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *