বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের বড় ভুল ছিল : সাকিব

আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ টাকায় বিক্রি হয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে টুর্নামেন্টে খেলতে পারেননি বাংলাদেশি পেসার।

ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের চাপে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে জল পরে অনেক দূর গড়ায়।বাঁহাতি পেসারের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে লিটন দাস-তাসকিন আহমেদদের যেতে দেয়নি তখনকার অন্তর্বর্তীকালীন সরকার।

এ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় সরকার ও বিসিবির। যার রেশ এখনো রয়েছে। ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬ এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে যেমন বাংলাদেশের বিশ্বকাপ না নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো সাকিব আল হাসানকে।উত্তরে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়াটা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ভুল।

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ক্ষতি হয়েছে উল্লেখ করে ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট রেভস্পোর্টজকে সাকিব বলেছেন, ‘আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণে এটি একটি বড় ক্ষতি, বিরাট এক মিস। কারণ একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপ খেলতে দেখতে ভালোবাসি। বাংলাদেশের মতো একটি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা অনেক বড় একটা মিস ছিল।এটি সরকারের পক্ষ থেকে একটা বড় ভুল ছিল যে তারা সেই বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল।’

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটা পরে দেখা যাবে। তবে আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ভালো হতে শুরু করবে। আমি আশাবাদী যে আমি যা চাই, তা পেতে পারব।’

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *