পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে দুই বোনেরমৃত্যু; কটিয়াদীতে শোকের মাতম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিলা আক্তার (১৭) ও নীহা আক্তার (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার বড়ো বোনের মৃতদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে ছোট বোন নীহা আক্তার (৯)। আহত হয়েছেন তাদের বাবা আব্দুর রহমান (৫৫) ও মা নিপা আক্তার (৪০)।

শুক্রবার (১১জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে এই দুর্ঘটনা ঘটে। নিহত নীলা ও নীহার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে। নিহত নিলা গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও তাঁর ছোট বোন নীহা আক্তার কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। নিহতদের পরিবার মেয়েদের লেখাপড়ার সুবাদে কটিয়াদীতে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ভাঙারি ব্যবসায়ী আব্দুর রহমান পরিবার নিয়ে দক্ষিণ চরটেকির ব্রহ্মপুত্র নদে বেড়াতে যান। সেখানে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা ভাড়া করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। কিছুক্ষণ পর বড় একটি ট্রলারের ঢেউয়ে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও ৯ বছরের নিহা আক্তারকে খুঁজে পায়নি। তিনজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটার পর্যন্ত উদ্ধারকারীরা অভিযান চালালেও নিখোঁজ নিহার কোনো সন্ধান মেলেনি। পরে শনিবার সকালে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু করলে একপর্যায়ে নিখোঁজ নীহার লাশ পানিতে ভেসে উঠে।

পরবর্তীতে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন নিহত নীহার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদের পাশে দক্ষিণ চরটেকি এলাকাটি সম্প্রতি পর্যটন স্পট হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। এখানে প্রতিদিন বহু লোক ঘুরতে যায়। তবে সেখানে নৌযানগুলো খুবই ছোট। আর নিরাপত্তামূলক ব্যবস্থা নেই বললেই চলে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন দুর্ঘটনায় হতাহত দুই বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী, কিশোরগঞ্জ, প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *