নেইমারকে রেখেই বিশ্বকাপ দল ব্রাজিলের

সব জল্পনার অবসান। বিশ্বকাপে যাচ্ছেন নেইমার।সান্তোস স্ট্রাইকারকে রেখেই আজ রাতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন(সিবিএফ)।  

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল ২০২৬ বিশ্বকাপে হয়তো দর্শক হয়ে থাকতে হতে পারে নেইমারকে। কেননা ফিটনেসের সমস্যায় ভুগছেন ৩৪ বছর বয়সী তারকা। তাতে মৌসুমের বেশিরভাগ সময়ই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয় তাকে।কোচ কার্লো আনচেলত্তি তাই ব্রাজিলিয়ান তারকাকে শর্ত জুড়ে দিয়েছেন, বিশ্বকাপে সুযোগ পেতে হলে ফিটনেস পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে।

সুযোগ পাওয়ায় বলা যায় সেই পরীক্ষায় পাস করেছেন নেইমার। সান্তোসের হয়ে এবারের মৌসুমে ১৫ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। সঙ্গে ৪ গোলে সহায়তাও করেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজির ফরোয়ার্ড।নিশ্চয়ই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আরও দারুণ কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবেন তিনি। কার্লো আনচেলত্তি নেইমারের নাম ঘোষণা করতেই রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে করতালির ঝড় ওঠে।

দল ঘোষণার আগে সিবিএফ টিভিকে আনচেলত্তি বলেছেন, ‘যোগ্যতা, প্যাশন এবং অজ্ঞিতার সমন্বয়ে দলটি সাজানো হয়েছে। দলটি দারুণ হয়েছে। এটি কোনো নিখুঁত তালিকা না, তবে এমন একটি দল দেওয়া হয়েছে যেখানে ভুলের সংখ্যা সামান্য।আমাদের মূল লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপকে জাঁকজমকপূর্ণ করে তোলা।’

এর আগে রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে দল ঘোষণায় দেশি-বিদেশি প্রায় ৭০০ সংবাদকর্মীকে আমন্ত্রণ জানায় সিবিএফ। বিশেষ অতিথিরা তো ছিলেনই। উপস্থিত বিশেষ দর্শকদের বিমোহিত করতে গান, নাচ ও অভিনয়ের ব্যবস্থা করা হয় সিবিএফের পক্ষ থেকে। মাঝে মাঝে দেখানো হয় ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাস। অন্যদিকে অনুষ্ঠান চলাকালীন সময় সামনের সারিতে বিশ্বকাপের ফাইল হাতে বসে থাকতে দেখা যায় আনচেলত্তিকে। পারফরমারদের পারফরম্যান্স দেখে কখনো হাসতেছেন আবার কখনো করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন তিনি।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০ জুন প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের। আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড: 

গোলরক্ষক: অ্যালিসন, এদারসন ও ওয়েভারটন।

ডিফেন্ডার: ব্রেমার, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস অ্যালেক্স সান্দ্রো, দানিলো, ডগলাস সান্তোস ও ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো দস সান্তোস, ফাবিনহো ও লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, এন্ড্রিক, ইগর থিয়াগো ও রায়ান।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *