বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা ঘণ্টা। মাঠের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা।তবে ব্রাজিলের শিবিরে আনন্দের আবহ থাকলেও চিন্তার ভাঁজ দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে নিয়ে। চোটের সঙ্গে লড়াই চলায় এখনো সেলেসাওদের মূল অনুশীলনে যোগ দিতে পারেননি এই তারকা ফরোয়ার্ড।
আগামী রবিবার নিউইয়র্কে মরক্কোর মুখোমুখি হয়ে হেক্সা মিশনের যাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিউ জার্সির মরিসটাউনে চলছে ব্রাজিলের প্রস্তুতি ক্যাম্প।তবে সেখানে বুধবারের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন নেইমার।
গত মাসে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের মাংসপেশির চোটে পড়েন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। পরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, তার মাংসপেশি দ্বিতীয় মাত্রায় (সেকেন্ড ডিগ্রি) ছিঁড়ে গেছে। বর্তমানে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
পরিস্থিতি যা, তাতে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা শূন্যের কোঠায়। শুধু তাই নয়, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নেইমারের মতো প্রধান অস্ত্রকে ছাড়াই বিশ্বকাপ শুরু করতে হচ্ছে, তবে এতে আশাহত হচ্ছেন না দেশটির সাবেক তারকারা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য জিনহোর মতে, বর্তমান দলটির শিরোপা উঁচিয়ে ধরার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে।
এক সাক্ষাৎকারে জিনহো বলেন, ‘ব্রাজিলকে হয়তো এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট বলা যাবে না।তবে এই স্কোয়াডে এমন কিছু চমৎকার ফুটবলার আছে, যারা একসঙ্গে জ্বলে উঠলে দারুণ কিছু করা সম্ভব। আমার বিশ্বাস, এবার ব্রাজিলের ভালো সুযোগ রয়েছে।’