ভারতের উত্তর প্রদেশে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক নেতাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাকে কাঁধে তুলে ও স্লোগান দিতেও দেখা গেছে।এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টির পর বিষয়টি নিয়ে তদন্তে নামছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হিন্দু যুব বাহিনীর সাবেক সদস্য সুশীল প্রজাপতিকে গাজিয়াবাদ কারাগার থেকে মুক্তির পর ফুলের মালা পরিয়ে বীরের মতো বরণ করে নিচ্ছেন তার সমর্থকেরা।
ভিডিওতে আরো দেখা যায়, সাদা পোশাক পরা অভিযুক্তকে সমর্থকেরা কাঁধে তুলে মিছিল করছেন। এ সময় স্লোগান দেওয়া হয় এবং পুরো আয়োজনটি অনেকটা বিজয় মিছিলের রূপ নেয়।
কিছু সমর্থককে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করতে দেখা যায়। অনেকে আবার মোবাইল ফোনে পুরো ঘটনা ধারণ করতে ব্যস্ত ছিলেন।
অভিযোগ রয়েছে, এক আইন শিক্ষার্থীকে আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে একটি ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করেন সুশীল প্রজাপতি। এ ঘটনার দায়ে করা মামলায় প্রায় নয় মাস পর গত ১৭ মে তিনি জামিনে মুক্তি পান।
এদিকে, অভিযুক্তকে ফুল ছিটিয়ে সংবর্ধনা দেওয়া এবং গাড়িবহর নিয়ে মিছিল করার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।