ছেলেকে আনতে গিয়ে মা এখনো নিখোঁজ, ফিরে এসেছে ছেলে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন আফসানা প্রিয়া (৩০)। ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহী (৯) অক্ষত অবস্থায় ফিরে এলেও আফসানা এখনো নিখোঁজ।

আজ মঙ্গলবার দুপুরে আফসানার স্বজনেরা জানিয়েছেন, আজ বেলা আড়াইটা পর্যন্ত হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। নিখোঁজ আফসানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী।

স্বজনেরা বলেন, আফসান ওহী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে গতকাল সোমবার সকালে স্কুলে যান। শ্রেণিকক্ষে দিয়ে তিনি অভিভাবকদের কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে। বিধ্বস্ত বিমানের আগুনে মাইলস্টোন স্কুলের একটি ভবনে আগুন লেগে যায়। এ সময় অভিভাবকেরা তাঁদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে আফসান ওহীকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মাকে এখনো পাওয়া যায়নি।

নিখোঁজ আফসানার ভাশুর দুলাল মৃধা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু এখনো তার সন্ধান মেলেনি। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, তাহলে কন্ট্রোল রুম ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।’

আফসানার চাচাতো ভাই তাজুল ইসলাম বলেন, ‘আমার চাচাতো বোন আফসানার এখনো খোঁজ মেলেনি। তবে তাঁর ছেলেকে পাওয়া গেছে। আফসানকে বাড়িতে নিয়ে এসেছি। তার বর্ণনা অনুযায়ী, বিমানের একটি অংশ আফসানার শরীরে আঘাত হানে। পরিবারের পক্ষ থেকে এখনো বিভিন্ন স্থানে সন্ধান করা হচ্ছে।’

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *