ঘরের মেঝে খুঁড়ে শিশুর মরদেহ উদ্ধার, বাবা আটক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিজ ঘরের মেঝেতে মাটিচাপা দেওয়া অবস্থায় দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহটির পাশের গর্তে দুটি মৃত ছাগলও পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, ওই শিশু ও ছাগল দুটিকে হত্যার পর মাটিচাপা দেয় শিশুটির বাবা নুরুল আমিন (৩০)। তাঁকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী একই গ্রামের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

নুরুল আমিনের স্বজনেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। কয়েক দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মারমুখী আচরণ করছিলেন। গতকাল দুপুরে স্ত্রী জোসনা বেগমকে মারধর করে ছেলে আইয়ুবকে নিয়ে নুরুল ঘরের ভেতর চলে যান। তাঁর কাছে গেলে স্ত্রী ও মাকে মেরে ফেলার হুমকি দেন। এর আগে নুরুলের মারধরের শিকার হয়েছেন তাঁরা। এ কারণে ভয়ে তাঁরা ঘরে না গিয়ে অন্যত্র সরে যান। এদিকে সন্ধ্যার দিকে শিশুটির কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহায়তায় কৌশলে ঘরে ঢুকে শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের মেঝেতে মাটির স্তূপ দেখে সন্দেহ হলে নুরুল জানান, কান্না করায় মাথায় আঘাত করে শিশুকে হত্যা করে পুঁতে রেখেছেন। একই সঙ্গে ঘরে থাকা ছাগল দুটিকেও হত্যা করে পাশে আরেকটি গর্ত খুঁড়ে পুঁতে রাখেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে নুরুল আমিনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

নুরুলের বাবা ফজুল মিয়া জানান, তাঁর ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

পরিবার অভিযুক্ত ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন দাবি করলেও এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *