ইসি বলেছে শাপলা প্রতীক পাবে না এনসিপি, এই ইসির অধীনে নির্বাচনে অংশ নেবে কি না ভাবছে দলটি

নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

অন্যদিকে এনসিপি বলছে, শাপলা প্রতীক না পেলে এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে যাবে কি না সে বিষয়ে ভাববে দলটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, “আমরা একটা চিঠি দিয়েছি উনাদেরকে যে, আগামী ১৯ শে তারিখের ভেতরে বিকল্প প্রতীক জানাবেন। যদি না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”

তিনি জানান, “এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে ইসি আগের অবস্থানেই আছে।”

এদিকে, প্রতীক বরাদ্দের বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন, “ইসি কোনো ব্যাখা না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে। আমরা বার বার বলেছি জনগণের কাছে জবাবদিহিতা থাকা উচিত। বরং অদৃশ্য শক্তির সাথে যোগসাজশে এনসিপিকে প্রতীক থেকে বঞ্চিত করার পাঁয়তারা দেখিয়েছে ইসি।”

“ইসির আচরণ পক্ষপাতিত্বমূলক। তাই এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে যাবে কি-না সেটা নিয়েও ভাববে এনসিপি,” বলেন মি. আদিব।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *