বাঁচামরার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারে সুপার ফোরে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মোস্তাফিজের করা শেষ ওভারের শেষ বলে নুর আহমেদ নুরুল হাসানের হাতে ক্যাচ দিতেই শেষ ম্যাচ। ১৪৬ রানে অলআউট আফগানিস্তান।
এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল বাংলাদেশ। আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে উঠল বাংলাদেশ। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কার নেট রাট রেট +১.৫৪৬, বাংলাদেশের –০.২৭০।
এই শ্রীলঙ্কার হাতেই অবশ্য বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবিকাঠি। বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতে গেলে আফগানরা উঠে যাবে সুপার ফোরে।
সে ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটের হিসাবে। শ্রীলঙ্কা এই হিসাবে এগিয়ে আছে আপাতত। শ্রীলঙ্কা শেষ ম্যাচে পরে ব্যাট করে ৭০–৭৫ রানে হেরে গেলে অথবা শ্রীলঙ্কার রান আফগানরা ১১–১২ ওভারে মধ্যে পেরিয়ে গেলেই সে ক্ষেত্রে শ্রীলঙ্কার ওপরে থাকবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (তানজিদ ৫২, সাইফ ৩০, হৃদয় ২৬, জাকের ১২*, নুরুল ১২*, শামীম ১১; নুর ২/২৩, রশিদ ২/২৬)।
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০, রশিদ ২০, নাইব ১৬; মোস্তাফিজ ৩/২৮, নাসুম ২/১১, রশিদ ২/১৮, তাসকিন ২/৩৪)।
ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাসুম আহমেদ।
গলার কাঁটা হয়ে থাকা রশিদ খানকে ফেরালেন মোস্তাফিজুর রহমান। ১৯তম ওভারের প্রথম বলে চার মারা আফগান অধিনায়ককে পরের বলে শর্ট থার্ড ম্যানে তাসকিনের ক্যাচ বানিয়েছেন মোস্তাফিজ। পরের বলেও আল্লাহ গজনফরকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে নবম উইকেট এনে দিয়েছেন মোস্তাফিজ। হ্যাটট্রিক অবশ্য পাননি বাংলাদেশের বাঁহাতি পেসার।