জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই আছে বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সম্প্রতি ভাইরাল হওয়া দুটি ভিডিওতে ফয়সাল করিম দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই।
কিন্তু হত্যাকাণ্ডের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ।
ফয়সালের ভিডিওগুলোর সত্যতা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেই দুবাই অবস্থান করছেন কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।
আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডিবি প্রধান বলেন, ‘ভিডিও বার্তাটি সঠিক, তবে অবস্থান দুবাই নয়।আমরা তদন্তে পেয়েছি সে ভারতে আছে।’
হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা ১৭ জনের নামে চার্জশিট দিয়েছি। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৫ জন হলেন হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানবপাচারকারী ফিলিফ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও ফয়সালের বোন জেসমিন।’
তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।