টাইব্রেকারে হেরে আবারও স্বপ্নভঙ্গ রোনালদোর

আরও একটি ফাইনাল, আবারও স্বপ্নভঙ্গের বেদনা ক্রিস্টিয়ানো রোনালদোর।

সৌদি সুপার কাপের ফাইনালে আজ আল আহলির কাছে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরেছে রোনালদোর দল আল নাসর। টাইব্রেকারের আগে নব্বই মিনিটের ম্যাচ ২-২ সমতায় শেষ হয়েছিল। আল-আহলির কাছে হেরে সৌদি ফুটবলে আল নাসরের হয়ে ট্রফি জয়ের অপূর্ণতা রয়েই গেল রোনালদোর।

২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে নাম লেখানোর পর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো শিরোপাই জিততে পারেননি ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের আয়োজক ফিফা কর্তৃক স্বীকৃতি না পাওয়ায় এবং সেখানে আমন্ত্রিত দল খেলে বলে সেটিকে শীর্ষ পর্যায়ের টুর্নামেন্ট বিবেচনা করা হয় না।

চার দলের সৌদি সুপার কাপে খেলে সর্বশেষ প্রো লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো। আল ইত্তিহাদ ২০২৪-২৫ মৌসুমে প্রো লিগ ও কিংস কাপ দুটিতেই জেতায় প্রো লিগের তৃতীয় দল হিসেবে সুপার কাপে জায়গা পায় আল নাসর।

এ ছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপের ব্যস্ততা ও নতুন মৌসুমের প্রস্তুতির সুবিধার্থে আল হিলাল নাম প্রত্যাহার করায় জায়গা পায় প্রো লিগে পঞ্চম হওয়া আল আহলি।
আল নাসর ২-১ গোল আল ইত্তিহাদকে, আল আহলি ৫-১ গোলে আল-কাদসিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করেছিল।

দলকে এগিয়ে দেওয়ার পর রোনালদোর উদ্‌যাপন

আজ হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েছিল আল নাসরই। ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এটি সৌদি ক্লাবটিতে তাঁর ১০০তম গোল। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর চতুর্থ ক্লাবে এই কীর্তি গড়লেন তিনি, যা আর কোনো ফুটবলারের নেই।

তবে পিছিয়ে পড়া আল আহলি বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কিসি। ১-১ সমতা ধরে এগোতে থাকা ম্যাচে ৮২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন মার্সেলো ব্রোজোভিচ। সৌদি ক্লাবে রোনালদোর প্রথম শিরোপা তখন নাগালেই মনে হচ্ছিল। তবে ৮৯তম মিনিটে রজার ইবানেজ আল আহলিকে সমতায় নিয়ে এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে হারের হতাশা আল নাসর খেলোয়াড়দের

টাইব্রেকার অংশে আল আহলি ও আল নাসর দুই দলই প্রথম তিন শটে বল জালে পাঠায়। তবে আল আহলির ফেরাস আলব্রিকান চতুর্থ শট কাজে লাগালেও মিস করে বসেন আল নাসরের আবদুল্লাহ আল-খাইবারি। আহলির হয়ে গালেনো পঞ্চম শটে গোল করলে সেখানেই ম্যাচ হেরে যায় রোনালদোর আল নাসর।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *