মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ন্যাটো জোটের দেশগুলোর সমালোচনা করেছেন। বিশেষ করে ইরান যুদ্ধে তাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান ইস্যুতে ন্যাটো মিত্ররা কোনো ধরনের সহায়তাই করেনি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাটোর কাছ থেকে “কিছুই প্রয়োজন নেই”, তবে এই গুরুত্বপূর্ণ সময়ের বিষয়টি মনে রাখা উচিত।
এর আগে ১৫ মার্চ ব্রিটিশ গণমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ন্যাটো মিত্ররা হরমুজ প্রণালি খুলে দিতে সহযোগিতা না করে, তবে তাদের জন্য খুব খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে।
গত সপ্তাহে হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি জানান, বেশিরভাগ ন্যাটো সদস্য দেশ এই সংঘাতে জড়াতে চায় না। কিছু দেশ এ যুদ্ধকে অবৈধ বলেও মনে করছে। একইদিনে সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আমরা সামরিকভাবে এত সফল হয়েছি যে ন্যাটো দেশগুলোর সহায়তা আর প্রয়োজন নেই—আসলে কখনোই ছিল না।’
পরে তিনি আবারও ন্যাটোকে আক্রমণ করে সদস্য দেশগুলোকে “ভীতু” বলে উল্লেখ করেন এবং বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া একটি “সহজ সামরিক পদক্ষেপ”।
এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, প্রণালিটি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়, সে বিষয়ে জোটভুক্ত দেশগুলো আলোচনা করছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হওয়ার ঘটনায় নতুন তথ্য দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
তাদের জানানো মতে, নিহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।এ ঘটনায় আহত তিনজনের মধ্যে রয়েছেন একজন আমিরাতি, একজন জর্ডানীয় এবং একজন ভারতীয় নাগরিক।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ নিচে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।