লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকার ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য। বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল দ্রুত তাকে আটক করে এবং স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সূত্র জানায়, ওই সময় সীমান্তে ভারত ও বাংলাদেশের গরু পারাপারকারীদের দল জড়ো ছিল। বিএসএফ সদস্যরা তাদের তাড়া করতে গিয়ে প্রায় ৩০০ গজ গভীরে বাংলাদেশের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করলে বিজিবি দল তাকে ধরতে সক্ষম হয়। বর্তমানে আটক বিএসএফ সদস্য দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে আছেন।
সীমান্ত এলাকার বাসিন্দারা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মাঝে মাঝে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশ করে থাকেন। এর আগে ২০১৪ সালে তারা নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিয়ে উস্কানিমূলক কার্যক্রম চালিয়েছিল।
৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানিয়েছেন, আটককৃত সদস্যের বিষয়টি বিএসএফের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। বিস্তারিত কার্যক্রম পরবর্তী সময়ে জানানো হবে।