বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শুক্রবার সকাল ৯টা ৪৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৭৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ২৪২ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে মিশরের কায়রো।এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় ২০৭ স্কোরে তৃতীয় অবস্থানে রাজধানী ঢাকা। স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ১৯৩ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।ও ১৮৬ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে দেশটির করাচি শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।