রামপুরায় ঠিকাদারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর রামপুরা এলাকায় এক ব্যবসায়ীর লাইসেন্স করা পিস্তল ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ইয়াসিন পাটোয়ারি (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণখান থানার পশ্চিমপাড়া আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। তিনি নরসিংদী জেলায় তাঁর চলমান প্রকল্প দেখাশোনা শেষে রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ফিরছিলেন। ২১ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে তিনি বনশ্রী প্রধান সড়কের পাশে আবেশ হোটেলের সামনে তাঁর ব্যক্তিগত গাড়িচালককে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তাঁর চালক এবং পাশে থাকা একজন অজ্ঞাতনামা যুবক তাঁকে ধরে গাড়িতে তোলেন। ওই যুবকও গাড়িতে উঠে বসেন।

পরে আমিরুলের বহন করা গাড়ি বনশ্রী টাওয়ারে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেন। এরপর আমিরুল তাঁকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্স করা পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যান। ওই ঘটনায় আমিরুল ইসলাম রামপুরা থানায় একটি মামলা করেন।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলাটি তদন্তকালে রামপুরা থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে, অস্ত্র ছিনতাই মামলার আসামি ইয়াসিন পশ্চিমপাড়া আশকোনার একটি তৃতীয় তলার ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর ভাড়া বাসার শোয়ার ঘরে বালিশের নিচ থেকে ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *