মাঠ বদল নাটকের পর শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ঘটল নজিরবিহীন এক ঘটনা—ম্যাচের ভেন্যু বদলে গেল ম্যাচ চলাকালীন! আজ মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধ মাঠে গড়াতে পারেনি মূল ভেন্যুতে। শেষ পর্যন্ত খেলা শেষ হয়েছে প্র্যাকটিস গ্রাউন্ডে। আর সেই নাটকীয়তা পেরিয়ে দারুণ জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। শান্তি মার্ডির হ্যাটট্রিক ও মুনকি আক্তারের একক গোলে ভুটানকে ৪-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষেই রইল মেয়েরা।

প্রথমার্ধ পর্যন্ত খেলা হয় রাজধানীর বসুন্ধরার কিংস অ্যারেনায়। কিন্তু বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় ম্যাচ কমিশনার আনসার আসিফ দুই দফা মাঠ পরিদর্শন শেষে দ্বিতীয়ার্ধ শুরু না করার সিদ্ধান্ত নেন। অবশেষে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হয়।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাংলাদেশের হয়ে গোল করেন শান্তি মার্ডি। তৃষ্ণা রানীর শট প্রথমে ঠেকালেও ফিরতি বল থেকে গোল করতে ভুল করেননি শান্তি। তবে দ্বিতীয়ার্ধে ফিরে এসে ৫৩ মিনিটে ভুটান ম্যাচে সমতা আনে। বাংলাদেশের রক্ষণের ভুলে সুযোগ পেয়ে যান ভুটানের সানগে ওয়াগমো।

তবে এই ধাক্কা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৭ মিনিটে কর্নার থেকে আসা বলে গোল করে আবারও দলকে এগিয়ে দেন শান্তি মার্ডি। এরপর ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় মুনকি আক্তার একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে স্কোরলাইন করেন ৩-১। আর ৭৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচের শেষ গোলটি করেন শান্তি। চলতি টুর্নামেন্টে এটাই তার চতুর্থ গোল।

এ ম্যাচে অনুপস্থিত ছিলেন নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকার এবং চার গোল করা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, যিনি নেপালের বিপক্ষে লাল কার্ড দেখায় নিষিদ্ধ ছিলেন। আজ দলের নেতৃত্ব দেন সুরমা জান্নাত।

ভুটানের বিপক্ষে এই জয়ে তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৯। ১৭ জুলাই নিজেদের চতুর্থ ম্যাচেও ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক দল।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দেশ—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে দুবার করে খেলবে তারা। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে বিবেচনায় আনা হবে মুখোমুখি ফল ও গোল ব্যবধান।

এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৯-১ ও নেপালকে ৩-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছিল। আজকের জয় সেই ধারাবাহিকতা ধরে রাখল। তবে সবচেয়ে আলাদা করে নজর কেড়েছে আজকের ভেন্যু বদলের অভাবনীয় নাটক, যা দেশের ফুটবলে প্রথমবারের মতো দেখা গেল।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *