ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে এবং স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতোকে সম্প্রতি মাদ্রিদের একটি রেস্তোরাঁয় এক সঙ্গে দেখা গেছে। এতে দু’জনের প্রেমের গুঞ্জন আরো জোরালো হলো। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাদের সর্ম্পক নিয়ে লুকোচুরি করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
রিয়াল মাদ্রিদ বনাম জিরোনা ম্যাচের পর এমবাপ্পে ও এস্টারকে বন্ধুর সঙ্গে মাদ্রিদের একটি অভিজাত রেস্তোরাঁয় সময় কাটাচ্ছে।
ভিডিওতে আরো দেখা যায়, রেস্তোরাঁটির ভেতরে তারা বেশ খোশমেজাজে গল্প করছেন। তবে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে তারা নিজেদের কিছুটা আড়াল করার চেষ্টা করেন। বারবার একই ধরনের দৃশ্যের পুনরাবৃত্তি হওয়ায় ভক্তদের মনে এখন আর কোনো সন্দেহ নেই যে, তাদের মধ্যে সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু রয়েছে।
তবে তাদের রসায়নের শুরুটা কিন্তু স্পেনে নয় বরং ফ্রান্সে।গেল মার্চের শুরুর দিকে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে এক ডিনারে তাদের প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর প্যারিস ফ্যাশন উইক থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত ও পেশাদার অনুষ্ঠানে তাদের উপস্থিতি বারবার ক্যামেরাবন্দি হয়েছে।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ফরাসি জাতীয় দলের অধিনায়ক। আর এস্টার এক্সপোসিতো নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এলিট’ এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান।
একাধিকবার একসঙ্গে দেখা গেলেও এমবাপ্পে বা এস্টার কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। তারা বিষয়টি ব্যক্তিগত রাখতে চাইলেও ঘনঘন জনসমক্ষে উপস্থিতি অন্য ইঙ্গিত দিচ্ছে। আপাতত ফুটবল আর বিনোদন জগতের এই দুই বড় তারকার ‘অফিসিয়াল’ ঘোষণার অপেক্ষায় আছেন ভক্তরা।