ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার কিশোরকে ঢাকা মেডিকেলে ভর্তি

রাজধানীর খিলক্ষেতে ছয় বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত কিশোরকে আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির পর কিশোরকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে ছয় বছরের মেয়েশিশুটিকে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকেও প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, অভিযুক্ত কিশোরকে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ বলছে, কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। তবে পরিবারের দাবি, তার বয়স ১১ বছর। স্যানিটারি মালামাল বিক্রির একটি দোকানে সে কাজ করে।

পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে গতকাল রাতে কিশোরকে আটক করা হয়। তাকে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। তারা কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশিকুর রহমান গুরুতর আহত হন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *