বেনজীরের যুক্তরাষ্ট্রের দুটি সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রের দুটি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর নামে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক হিসাব ও মালয়েশিয়ার ব্যাংকে দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের (দুদক) পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের নামে দুটি সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এই দুটি সম্পদ কেনা হয়েছে ২০২৩ সালের ১২ জুন। প্রতিটি সম্পদের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার মার্কিন ডলার।

এর আগে গত ১২ মে বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর নামে থাকা দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত।

দুদকের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদের স্ত্রীর নামে দুবাইয়ের বুর্জ খলিফায় একটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেন আদালত। অ্যাপার্টমেন্টটি কেনা হয়েছিল ২০২১ সালের ৭ জানুয়ারি। অন্য অ্যাপার্টমেন্টটি দুবাই অল ওয়াসল আবাসিক এলাকায়। এই অ্যাপার্টমেন্ট কেনা হয়েছিল গত বছরের ৭ মে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *