চট্টগ্রামে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংঘটিত হামলার এক আসামির অস্ত্র হাতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি এক হাতে মুঠোফোনে ভিডিও করছেন এবং অপর হাতে অস্ত্র ধরে আছেন। ভিডিওটি কখন ধারণ করা হয়েছিল, তা স্পষ্ট না হলেও এটি শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ওই ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের বাসিন্দা। তিনি গত বছরের ১৬ জুলাই নগরের ষোল শহর ২ নম্বর গেট এলাকায় ছাত্র-জনতার মিছিলে হামলা ও বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।
ওই ঘটনায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর একটি মামলা হয়, যেখানে মোট ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি এই মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, “ভিডিও ও ছবি পাওয়ার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।