কুষ্টিয়ায় প্রবাসীর বাড়িতে অস্ত্র নিয়ে হামলা, টাকা-স্বর্ণালংকার লুট

কুষ্টিয়ার কুমারখালীতে প্রবাসী শরিফুল ইসলামের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শরিফুল ইসলাম ওই এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি ১১ বছর হংকংয়ে ছিলেন এবং প্রায় এক বছর আগে দেশে ফেরেন। বর্তমানে তিনি বিদ্যালয়ের সামনে নিজস্ব তিনতলা ভবনে পরিবার নিয়ে বসবাস করছেন।

শরিফুল ইসলাম অভিযোগ করেন, দেশে ফেরার পর থেকে কয়েকজন চাঁদাবাজ তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছিল। দাবি পূরণ না করায় গতকাল বুধবার রাত ৯টার দিকে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত দেশি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর বাড়ির তিনতলায় হানা দেয়। তারা প্রথমে তাঁকে মারধর করে, এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আসবাব ভাঙচুর করে। এ সময় ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

শরিফুলের ভাষ্য, পুরো ঘটনা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটে যায়। হামলাকারীদের অনেকের মুখ কাপড়ে ঢাকা ছিল, তবে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। মামলার সময় তাদের নাম উল্লেখ করবেন বলে জানিয়েছেন তিনি।

খবর পেয়ে কুমারখালী থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন খান ঘটনাস্থলে যান। তিনি বলেন, ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুরের চিহ্ন পাওয়া গেছে। ভুক্তভোগী প্রবাসী মৌখিকভাবে ভাঙচুর ও লুটের অভিযোগ জানিয়েছেন।  

থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *