কিশোরগঞ্জ জেলায় নিউটাউন নামক এলাকার একটি ভাড়া বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাত ১২ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি গত চার বছর ধরে কিশোরগঞ্জ (পিবিআইয়ে) কর্মরত ছিলেন। নিহত আমিনুল ইসলাম কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে জানা যায়, সোমবার দুপুরে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে ফোনে জানালে তিনি ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সারা না পেয়ে পুলিশকে জানান।
পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
জানা যায়, আমিনুল ইসলাম ওই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন। ঈদ উপলক্ষে তিনি স্ত্রী ও সন্তানসহ গ্রামের বাড়ি চলে যান। পরবর্তীতে ঈদের ছুটি কাটিয়ে তিনি স্ত্রী–সন্তান রেখে শনিবার (৫ এপ্রিল) কর্মস্থলে ফিরে আসেন। রোববার (৬ এপ্রিল) ডিউটি করলেও সোমবার ডিউটি ছিল না। কী কারণে এমনটি ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে বাসা থেকে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি