ঈদ আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘মেহেরপুর ভাবনা’ নামের একটি সংগঠন। বৃস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে সংগঠনটি এ আয়োজন করে।গত ৫ বছর যাবত মেহেরপুর ভাবনা নামের সামাজিক সংগঠনটি সুবিধা বঞ্চিত শিশু ও তার পরিবারের মধ্যে স্বল্প টাকায় পোশাক ও খাবারের ব্যবস্থা করে আসছেন। এবারো ১৫০ দরিদ্র শিশুকে মাত্র ৫ টাকায় পোশাক ও ১০ টাকায় পরিবারের সদস্যরা পেয়েছেন চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, ময়দা, লবণ, চিনি ও দুধ।
মেহেরপুর ভাবনার সভাপতি তানভির আল মামুন জানান, দরিদ্র পরিবারের মাঝে সামান্য হলেও ঈদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। শিশুদের কাছ থেকে ৫ টাকা নেয়া হচ্ছে, যাতে তারা অনুভব করে যে পোশাকগুলো তারা কিনে নিলো। সংগঠনের সবাই মিলে যে কাজটি করা হচ্ছে। এ ধরনের কাজ সমাজের বিত্তবানরা করলে সবাই আনন্দে ঈদ কাটাতে পারতো।
এর আগে ৫ টাকায় ঈদ শপিংয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক আহমেদসহ মেহেরপুর ভাবনার সব সদস্যরা।
এস কে সামিউল ইসলাম , মেহেরপুর প্রতিনিধি