বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। 

আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিগগিরই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভারতের প্রথম কোনও রাজনীতিবিদ বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্বে আসছেন।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

দিনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।প্রণয় ভার্মাকে ইতোমধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের জেরে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে অবনতি হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এমন সময়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিক দিনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদি সরকার।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *