গাজায় গমের একটি দানাও ঢুকবে না : ইসরাইল

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামলার পাশাপাশি ইসরাইল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে। ফলে এই উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। 

এর মধ্যে সোমবার ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গাজায় গমের একটি দানাও ঢুকবে না।

সোমবার (৭ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

বার্তাসংস্থাটি বলছে, ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘গমের একটি দানাও’ প্রবেশ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ বলেছেন, ‘গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না।’

স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে, গত ২ মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরাইল। এর ফলে এই অঞ্চলে মানবিক, ত্রাণ এবং চিকিৎসা সহায়তার সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে এক অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে।

মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবেই এই অবরোধটি আরোপ করা হয়েছে। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় প্রায় এক হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং আরও তিন হাজার ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরাইলি বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে।

স্মোট্রিচ বলেছেন, তিনি এখনো গাজা থেকে ইসরাইলি বন্দিদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেন।

গত সপ্তাহে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরাইলি আক্রমণে ৫০ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বন্দিদশা থেকে আরও জিম্মিদের মুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনা চলছে।  

স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।  খবর আরব নিউজের। 

ওভাল অফিসে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন আরেকটি চুক্তি নিয়ে কাজ করছি, আশা করি সফল হবে।  আমরা সব জিম্মিকে মুক্ত করে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ’

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জিম্মিরা যন্ত্রণায় ভুগছে এবং আমরা তাদের সবাইকে বের করে আনতে চাই। ’

গাজায় হামাসের সঙ্গে ইসরাইলের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেলেন নেতানিয়াহু।

গত ১৮ মার্চ গাজায় ইসরাইলের বিমান হামলা পুনরায় শুরু হওয়ার মাধ্যমে যুদ্ধবিরতির অবসান ঘটে। সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে ৩৩ ইসরাইলি জিম্মি এবং এর বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি প্রায় ১৮০০ ফিলিস্তিনি মুক্তি পান। 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় অপহৃত ২৫১ জিম্মির মধ্যে ৫৮ জন গাজায় বন্দি রয়েছেন, যার মধ্যে ৩৪ জনই মারা গেছেন বলে দাবি ইসরাইলি সেনাবাহিনীর। 

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *